তরুণদের সৃজনশীলতা, কৌশলগত চিন্তা ও যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব আয়োজিত ‘ফ্রেশ প্রেজেন্টস ক্রিয়েটিভ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকায় আয়োজিত এ পর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ব্র্যান্ড ব্যবস্থাপনা, বিপণন কৌশল, পণ্য পুনঃঅবস্থান ও সৃজনশীল যোগাযোগের মতো বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।
গ্র্যান্ড ফিনালের ‘দ্য ফুল কোর্ট প্রেস’ পর্বে ফ্যাবল, শিংগারা সিন্ডিকেট, কার্পে ডিয়েম, অ্যাডজাস্টমেড, পিকি ব্লাইন্ডার্স ও মালটোভা-এই ছয়টি দল পূর্ণাঙ্গ ৩৬০ ডিগ্রি ব্র্যান্ড সমাধান উপস্থাপন করে। একই সঙ্গে দলগুলো অনলাইন ভিডিও বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্যের রিলও উপস্থাপন করে।
প্রতিযোগিতায় কার্পে ডিয়েম চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম রানার্স-আপ হয়েছে পিকি ব্লাইন্ডার্স এবং দ্বিতীয় রানার্স-আপ হয়েছে অ্যাডজাস্টমেড। এবারের আয়োজনের টাইটেল স্পন্সর ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ভোক্তা ব্র্যান্ড ফ্রেশ।
অনুষ্ঠানে এমজিআইয়ের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক-উজ-জামান খান বলেন, “তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ফ্রেশ সবসময় তরুণ প্রজন্মের সঙ্গে ইতিবাচক ও অর্থবহভাবে যুক্ত থাকার সুযোগকে গুরুত্ব দেয়। ‘ফ্রেশ প্রেজেন্টস ক্রিয়েডিভ’ তরুণদের নিজেদের ধারণা ও দক্ষতা তুলে ধরার পাশাপাশি বাস্তবভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলার একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমরা বিশ্বাস করি, আজকের এই তরুণরাই আগামী দিনের ব্যবসা, যোগাযোগ ও সৃজনশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিইউপির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল আকবর খান, এমজিআইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব অ্যাকাউন্টস এসএম মুজিবুর রহমান, এফসিএ, অডিট বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ