ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে যানবাহন প্রবেশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।
আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সবার যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
এ ছাড়া নিরাপত্তার প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রক্টরের দপ্তর।
এর আগে গত রোববার থেকে টানা তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার বিজনেস অনুষদে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের ওপর হাতবোমা বিস্ফোরিত হলে চালকসহ দুজন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জ/দি