নতুন স্বপ্ন ও প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেয়। ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন শিক্ষক, কর্মচারী ও প্রবীণ শিক্ষার্থীরা। এতে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান। পরে গীতা পাঠ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিতা রানী দাস। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বার্তায় শুরু হয় নবীনদের নতুন শিক্ষাজীবনের পথচলা।
কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের প্রভাষক রনি খান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. মাজেম আলী মলিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, আব্দুস সামাদ ও রাহেলা খাতুন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান রফিক নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজজীবন শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের সময় নয়; এ সময়ই একজন শিক্ষার্থীর মূল্যবোধ, শৃঙ্খলা ও ভবিষ্যৎ লক্ষ্য গড়ে ওঠে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান তিনি।
সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. মাজেম আলী মলিন বলেন, জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। কলেজজীবনের এই সময়কে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী এবং নবীন-প্রবীণ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নবীনদের উচ্ছ্বাস ও শিক্ষকদের প্রেরণায় দিনটি পরিণত হয় আনন্দ ও স্বপ্নের এক স্মরণীয় আয়োজনে।
জ/শা