কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী রয়েল কোচের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটা এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা জানায়, ঢাকাগামী রয়েল কোচ বাসটিতে প্রায় ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বেকিনগর এলাকায় পৌঁছানোর পর চালকের অসতর্কতার কারণে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত আশপাশের লোকজন উদ্ধারের জন্য এগিয়ে আসেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় আনুমানিক আট থেকে দশজন যাত্রী আহত হলেও সৌভাগ্যবশত কারোরই প্রাণহানির ঘটনা ঘটেনি এবং গুরুতর আশঙ্কাজনক অবস্থাও পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। পরে চিকিৎসক আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন । দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।
জ/শা