নাটোরের গুরুদাসপুরে সম্পত্তি ভোগদখল নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিপলা গ্রামে এ মানববন্ধনের আয়োজন করেন জামরুল ও জাহিদ নামে দুই ভাই। এতে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
মানববন্ধনে জামরুল ও জাহিদ অভিযোগ করেন, সম্পত্তি ভোগদখল নিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এতে সামাজিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং তারা হয়রানির শিকার হচ্ছেন।
তারা দাবি করেন, নুরুল ইসলাম তাদের সৎ ভাই। প্রায় দেড় বছর আগে নুরুল ইসলাম তার প্রাপ্ত জমি তাদের আরেক ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। পিপলা মৌজায় বর্তমানে তার আর কোনো জমি নেই বলেও দাবি করেন তারা।
জামরুল অভিযোগ করেন, নুরুল ইসলামের মেয়ের জামাই সেনাবাহিনীতে চাকরি করেন। সেই পরিচয় ব্যবহার করে তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এমনকি অন্তর্বর্তী সরকারের সময় পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর সদস্যদের দিয়ে তাকে মারধর করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন জামরুল।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো পক্ষের অভিযোগের ভিত্তিতে একতরফাভাবে কাউকে দোষারোপ না করে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা ও ঘটনার সত্যতা নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে মিথ্যা অপবাদ ও হয়রানি বন্ধের দাবি জানান তারা। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জ/উ