কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম নিখোঁজ হওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ সাইফুলকে ফিরে পাওয়ার দাবিতে দাউদকান্দিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গৌরীপুর মোড়ের নাহার কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাইফুলের বড় ভাই মো. জাকির বলেন, ‘ছয় বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। কিন্তু আজও আমার ভাইয়ের সন্ধান পাইনি। আমরা তাঁকে ফিরে পেতে চাই।’
সাইফুলের স্ত্রী মোসা. ফাতেমা ইসলাম শিমলা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাংলাদেশের যত আয়নাঘর আছে, সবখানেই খুঁজেছি আমার স্বামীকে। ছয় বছর ধরে আমার স্বামীর অপেক্ষায় আছি। দেশের বিভিন্ন জায়গায় তাঁকে খুঁজেছি। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।’
সাইফুলের আট বছর বয়সী মেয়ে মাঈমুনা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমি আমার বাবাকে ফিরে পেতে চাই।’
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম বলেন, প্রকাশ্য দিবালোকে গৌরীপুর মোড় থেকে সাইফুলকে গাড়িতে তুলে নেওয়া হয়েছিল। দ্রুত তদন্তের মাধ্যমে সাইফুলের সন্ধান বের করা এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সমাবেশের প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেন বলেন, সাইফুলের পরিবারের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, পরিবারের কাছে একটি ভিডিও ফুটেজ রয়েছে, যেখানে দুজনকে দেখা যাচ্ছে। তাঁর দাবি, ওই দুজনকে গ্রেপ্তার করা গেলে সাইফুল জীবিত আছেন কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
সাইফুলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ‘সাইফুলের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি, তাদের কাছে একটি ভিডিও ফুটেজ রয়েছে, যেখানে দুজনকে দেখা যাচ্ছে। আমরা বিশ্বাস করি, তাদের গ্রেপ্তার করতে পারলেই সাইফুলের জীবিত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। সাইফুলের পরিবারকে আমি কীভাবে সান্ত্বনা দেব, সেটাই বুঝতে পারছি না।’
তিনি সাইফুল ইসলামের সন্ধান বের করে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক মো. মঞ্জুর হোসেন ঈসা।
সমাবেশে সাইফুল ইসলামের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর গৌরীপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে সাইফুল ইসলামকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন একটি কালো হাইস মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছিলেন তাঁর বড় ভাই জহিরুল ইসলাম।
জ/উ