২০১৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অস্ত্রের মুখে গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে প্রতীকী ক্ষতিপূরণ হিসেবে ১ ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪২ টাকা। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালত এ রায় ঘোষণা করেছেন বলে জানিয়েছেন একজন আইনজীবী।
আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ওই ডাকাতির ঘটনায় আদালতে সাক্ষ্য দেওয়ার সময় নিজের প্রাণ হারানোর আশঙ্কার কথা জানিয়েছিলেন কিম কার্দাশিয়ান। পরে সাজাপ্রাপ্ত আসামিদের কাছ থেকেই ১ ইউরো প্রতীকী ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
এর আগে গত বছর প্যারিসের একটি আদালত আটজনকে এ ঘটনায় দোষী সাব্যস্ত করে। এরপর কিম কার্দাশিয়ান জানিয়েছিলেন, তিনি ঘটনাটি ভুলে থাকার চেষ্টা করছেন। ওই ডাকাতির ঘটনাকে তিনি ‘জীবনের ভীতিকর অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছিলেন।
রায় ঘোষণার পর দেওয়া এক বিবৃতিতে ফরাসি বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান কিম কার্দাশিয়ান। বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, ‘খুব ভীতিজনক ডাকাতির ঘটনাটি। এখনো যার প্রভাব আমার ভেতর রয়ে গেছে। আজকের এই রায় ক্ষতিপূরণের জন্য নয় বরং জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার তাগিদে। আদালত এবং আইনি লড়াইয়ে যারা আমাদের পাশে ছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আশা করি, ওই মর্মান্তিক মানসিক আঘাত থেকে নিজেদের দূরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারব।’
২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন সপ্তাহে অংশ নিতে প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে উঠেছিলেন কিম কার্দাশিয়ান। সেখানে পুলিশের পোশাক পরা মুখোশধারী একদল ব্যক্তি তাকে বন্দুকের মুখে জিম্মি করে এবং মূল্যবান গয়না লুট করে নিয়ে যায়।
বয়সের কারণে ওই ফরাসি ডাকাত দলটি পরে ‘দাদু ডাকাত’ নামে পরিচিতি পায়। সশস্ত্র ডাকাতি, অপহরণ, গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন অভিযোগে তাদের বিচার হয়। ওই মামলায় অভিযুক্তদের মধ্যে ছয়জনের বয়স ছিল ৬০ ও ৭০-এর কোঠায়। সূত্র: সিএনএন, রয়টার্স ও এপি।
জ/উ