কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ, উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে। কমিটির সভাপতি শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার জনবল, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, কৃষিক্ষেত্রের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কমিটিকে অবহিত করা হয়।
সভাপতির অভিপ্রায় অনুযায়ী বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বক্তব্যে তিনি বলেন, ‘কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে, কৃষক শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে।’ আদা, মরিচ, টমেটো, পেঁয়াজসহ বিভিন্ন কৃষি ও কৃষিজাত পণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং এসব পণ্য রফতানিমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘এই সরকারই প্রথম মাটির গুণগতমান বজায় রাখার বিষয়ে কাজ শুরু করেছে।’ বৈঠকে উপস্থিত সবাই মাটি ও ফসলে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গতানুগতিকভাবে সার ও কীটনাশক ব্যবহার না করে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়ানোর মাধ্যমে মাটির গুণগতমান বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগের বছরগুলোর তুলনায় চলতি বছরে কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হয়েছে। কৃষিমন্ত্রী জানান, সার ডিলার নিয়োগে অত্যন্ত স্বচ্ছতা আনার চেষ্টা করা হয়েছে। এ লক্ষ্যে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’ জারি করা হয়েছে।
বৈঠকে সার বিতরণ ব্যবস্থাপনায় মনিটরিং আরও জোরদার এবং কৃষিবান্ধব সার ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি যশোরের গদখালীতে ফুল গবেষণা কেন্দ্র ও মৃত্তিকা গবেষণা কেন্দ্র স্থাপন, পাহাড় ও সমতল এলাকাসহ বিভিন্ন পরিত্যক্ত জায়গায় তুলা উৎপাদন, চরের জমিতে ভুট্টা, মিষ্টি আলু ও বাদাম চাষ, কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার এবং কৃষকদের উন্নত প্রশিক্ষণের জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর বিষয়েও আলোচনা হয়। এছাড়া কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পাট ও পাটজাত পণ্য রফতানির বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটির সভাপতি শাহাদাত হোসেন বলেন, কৃষি মন্ত্রণালয়ের কাজের ওপর সরকারের অনেক সফলতা নির্ভর করছে। এ ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় আরও গতিশীলভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টেকসই ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বৈঠকে কমিটির সদস্য শহিদুল ইসলাম এমপি, মোস্তাফিজুর রহমান এমপি, রোকন উদ্দীন বাবুল এমপি, মুজিবুর রহমান চৌধুরী এমপি, সাবিরা সুলতানা এমপি, গোলাম রছুল এমপি ও আব্দুল বারী সরদার এমপি অংশ নেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ