শোবিজ অঙ্গনে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন অভিনেত্রী সাফা কবির। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী বর্তমানে বেছে বেছে কাজ করছেন। এবার নারী হিসেবে তার সাফল্যের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’।
সম্মাননা পাওয়ার পর বেশ আনন্দিত সাফা। সেই অনুভূতি থেকেই অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন তিনি।
আজ বুধবার নিজের ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা কবির লেখেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই-তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
এর আগে পুরস্কারের জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাফা। তিনি লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে। ওই উৎসবে তার অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়। নাটকগুলো দর্শকদের মধ্যে জনপ্রিয়তা ও প্রশংসাও পায়।
এরপর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ঘুরে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। দেশে ফেরার পর নতুন কোনো কাজে যুক্ত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। হয়তো নীরবেই নিজেকে নতুন করে গুছিয়ে নিচ্ছেন সাফা। সামনে ভক্তদের জন্য নতুন কোনো চমক নিয়ে হাজির হওয়ার অপেক্ষাতেই রয়েছেন তিনি।
জ/উ