পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেত্রী কোয়েল মল্লিক। বাবা ও অভিনেতা রঞ্জিত মল্লিকের পথ ধরে চলচ্চিত্রে পা রেখে দুই যুগেরও বেশি সময় ধরে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় সিনেমা। তবে দীর্ঘ অভিনয়জীবনে এখনো কোনো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেননি তিনি। এবার ৪৪ বছর বয়সে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন কোয়েল। দক্ষিণ কোরিয়ার একটি সিরিয়ালের গল্প অবলম্বনে বাংলায় নির্মিত হতে যাওয়া নতুন ধারাবাহিকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
তবে এখনো ধারাবাহিকটির নাম বা পরিচালকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, সনি আট চ্যানেলে এটি প্রচারিত হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে টেলিভিশনের পর্দায় একাধিকবার দেখা গেছে কোয়েলকে। বিভিন্ন রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ‘কথা ও কাহিনী’ নামের একটি টক শোও উপস্থাপনা করেছেন। তবে নিয়মিত ধারাবাহিক নাটকে এবারই প্রথম অভিনয় করতে চলেছেন অভিনেত্রী।
২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কোয়েলের। এরপর ‘বন্ধন’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘প্রেমের কাহিনী’, ‘মন মানে না’, ‘বলো না তুমি আমার’, ‘সাত পাকে বাঁধা’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘হেমলক সোসাইটি’, ‘রংবাজ’, ‘বেশ করেছি প্রেম করেছি’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে সর্বশেষ নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রায় দুই মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী।
জ/উ