গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের না খেলার সিদ্ধান্তের জন্য সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সরকার ও আসিফ নজরুলের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে পারেনি।
আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটির ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে। গত মার্চে বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ার কারণ অনুসন্ধানে এই কমিটি গঠন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. একে এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করে কমিটি মনে করেছে, বিশ্বকাপে না যাওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দায়ী। তার ভাষায়, ‘সেই সময়ের সরকার এবং তিনি দায়ী।’
তদন্ত কমিটির প্রতিনিধি হিসেবে ফয়সাল আরও বলেন, বাংলাদেশের অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের অংশ হিসেবে মোট ১২ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তাদের বক্তব্যের সারসংক্ষেপও তুলে ধরা হয়েছে। ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তের সঙ্গে কথা বলেছে কমিটি।
ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি, জাতীয় দলের কোচ এবং সে সময়ের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং সে সময়ের বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের।
এ ছাড়া যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলে তদন্ত কমিটি। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেদুয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদের সাক্ষাৎকার নেওয়া হয়।
তবে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সে সময়ের বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি বলে জানিয়েছে তদন্ত কমিটি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আইপিএলে রেকর্ড মূল্যে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়ার পরও নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। প্রতিবেদনের বর্ণনা অনুযায়ী, উগ্র হিন্দুত্ববাদীদের চাপের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, একই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যায়নি। বাংলাদেশ পাকিস্তানের মতো সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব দিয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাতে সম্মতি দেয়নি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়।
জ/উ