জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি)। আজ সোমবার জয়পুরহাট ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এদিন সকাল ৯টায় কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। এতে কয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল ফয়সল হাসান খান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। যেকোনো সংকট ও মানবিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিজিবি অঙ্গীকারবদ্ধ। এ ধরনের কার্যক্রম বিজিবি ও স্থানীয়দের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন হোসনে আরা আক্তার ও সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন করিম বক্তব্য রাখেন।
জ/উ