বাংলাদেশ থেকে সাধারণত ইলিশ ভারতে রপ্তানি হলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। প্রতিবেশী ভারত থেকেই বাংলাদেশে ইলিশ আমদানি হচ্ছে। গত দুই মাসে ভারতের গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে পৌঁছেছে।
ভারতীয় মাছ ব্যবসায়ীদের ধারণা, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ বাংলাদেশে আসতে পারে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হাওড়ার পাইকারি মাছ আমদানিকারকদের সংগঠনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাছ পাঠানো হলেও এবার ইলিশ আমদানির বিষয়টি বিশেষভাবে নজরে এসেছে। সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ বাংলাদেশে পাঠানো হয়।
বাংলাদেশে আসা ইলিশের বড় একটি অংশ গুজরাট থেকে সংগ্রহ করা হচ্ছে। এসব মাছ ভরুচ বন্দর ব্যবহার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এর পাশাপাশি হাওড়ার পাইকারি মাছের বাজার থেকেও কিছু ইলিশ বাংলাদেশে যাচ্ছে।
মাছ ব্যবসায়ীদের ভাষ্য, গুজরাটের ইলিশ স্থানীয় বাজারে খুব একটা জনপ্রিয় নয়। এসব ইলিশে তুলনামূলকভাবে ডিমের পরিমাণ বেশি এবং স্বাদে কিছুটা নোনাভাব রয়েছে। ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে এই মাছের চাহিদা সীমিত।
অন্যদিকে, বাংলাদেশের কিছু অঞ্চলে ডিমওয়ালা ইলিশের আলাদা চাহিদা রয়েছে। ব্যবসায়ীরা সেই চাহিদাকে কাজে লাগিয়েই গুজরাটের ইলিশের জন্য বাংলাদেশে নতুন বাজার তৈরি করেছেন।
ফলে ইলিশের বাণিজ্যে এবার তৈরি হয়েছে ব্যতিক্রমী এক পরিস্থিতি। যে বাংলাদেশ থেকে সাধারণত ইলিশ ভারতের বাজারে যায়, সেই বাংলাদেশেই এখন প্রতিবেশী দেশ ভারত থেকে ইলিশ আমদানি হচ্ছে।
জ/উ