ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের ব্রাচ দ্বীপে ভয়াবহ দাবানলে প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর পাইনবন ও ঝোপঝাড় পুড়ে গেছে। আগুনের বিস্তার ঠেকাতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্বীপটির ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রবিবারও ব্রাচ দ্বীপে আগুন নিয়ন্ত্রণের বাইরে জ্বলছিল। রাতভর চরম ঝুঁকির মধ্যে থাকা পশ্চিমাঞ্চলের ছোট শহর মিলনাকে শেষ পর্যন্ত আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হন দমকলকর্মীরা। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, সরিয়ে নেওয়ার সময় দুজন আহত হয়েছেন। উদ্ধার অভিযানের সময় এক বৃদ্ধা নৌকা থেকে পড়ে প্রায় ডুবে যাচ্ছিলেন। জীবন নিয়ে শঙ্কা তৈরি হলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় এক যুবক আহত হয়েছেন।
দ্বীপটির পশ্চিমাঞ্চলের মিলনা শহর এবং আশপাশের বসতিগুলোর বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, শনিবার রাতের পর আগুনের বিস্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগুন মিলনা, ব্রাচের দক্ষিণ উপকূল এবং ব্লাকা মরুভূমি এলাকার দিকে ছড়িয়ে পড়েছে।
গুগল ম্যাপসের সর্বশেষ হিসাব অনুযায়ী, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার আয়তন প্রায় ৫৬ বর্গকিলোমিটার বা ৫ হাজার ৬০০ হেক্টর। ৩৯৫ বর্গকিলোমিটার আয়তনের ব্রাচ দ্বীপের প্রায় ১৪ শতাংশ এলাকা এরই মধ্যে আগুনের ক্ষতির মুখে পড়েছে।
মিলনার মেয়র ফ্রানে লোজিচ জানান, শুরুতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হলেও পরে পরিস্থিতি দ্রুত বদলে যায়। এরপর রবিবারও আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি জনবসতি রক্ষায় দমকলকর্মীদের অভিযান অব্যাহত থাকে।
ক্রোয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা হিনা জানিয়েছে, এক জ্যেষ্ঠ অগ্নিনির্বাপণ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দাবানলে মোট প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর পাইনবন ও ঝোপঝাড় ধ্বংস হয়েছে। সূত্র: আনাদোলু
জ/উ