মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে যায়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।
এর মধ্য দিয়ে গত সপ্তাহে শুরু হওয়া তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ও ডব্লিউটিআই-দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়েছে।
এদিকে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।
বাব আল-মান্দাব লোহিত সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই পথে বড় ধরনের কোনো বাধা তৈরি হলে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সরবরাহ নিয়ে এই উদ্বেগই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে।
জ/উ