চাঁদের ওপর যুক্তরাষ্ট্রের মালিকানা বা কর্তৃত্বের ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পোস্ট ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা তৈরি হলেও আন্তর্জাতিক মহাকাশ আইন অনুযায়ী কোনো দেশই চাঁদের ওপর সার্বভৌমত্ব বা মালিকানা দাবি করতে পারে না।
গত ৬ সেপ্টেম্বর ২০২৬ ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন পতাকার পাশাপাশি ‘দ্য মুন ইজ আওয়ার্স’ (চাঁদ আমাদের) লেখা একটি ছবি প্রকাশ করেন। এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্র কি সত্যিই চাঁদকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে?
ফ্যাক্টচেক করে দেখা গেছে, ট্রাম্পের পোস্টটি সত্যিই তার অ্যাকাউন্ট থেকে দেওয়া হলেও এর পেছনে কোনো আনুষ্ঠানিক আইনি ঘোষণা কিংবা নির্বাহী আদেশ নেই।
জাতিসংঘের আউটার স্পেস ট্রিটি বা বহিঃমহাকাশ চুক্তি অনুযায়ী, কোনো রাষ্ট্র চাঁদের মালিকানা দাবি করতে পারে না। চুক্তির ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, চাঁদ বা অন্য কোনো মহাজাগতিক বস্তুকে সার্বভৌমত্বের দাবি, ব্যবহার, দখল কিংবা অন্য কোনো উপায়ে কোনো রাষ্ট্র নিজের অধিকারভুক্ত করতে পারবে না।
যুক্তরাষ্ট্র এই চুক্তির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্বাক্ষরকারী দেশ। ফলে চুক্তির সঙ্গে সাংঘর্ষিক কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হলে দেশটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে।
এ বিষয়ে জাতিসংঘের মহাকাশবিষয়ক দপ্তর (ইউএনওওএসএ)-এর এক মুখপাত্র জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কোনো বক্তব্যের মাধ্যমে চুক্তির অধীনে চাঁদের আইনি অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। কোনো বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কি না, সেটি নির্ভর করবে বক্তব্যটির আইনি চরিত্র, প্রেক্ষাপট ও উদ্দেশ্যের ওপর।
চাঁদে মহাকাশযান অবতরণ করানো যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, রাশিয়া, ভারত ও জাপানও আউটার স্পেস ট্রিটির সঙ্গে যুক্ত। ফলে ট্রাম্পের পোস্টে দেওয়া ইঙ্গিতের আন্তর্জাতিক আইনি স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
বরং বিষয়টি ট্রাম্প প্রশাসনের মহাকাশ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগে ২০২৫ সালে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রাম্প ২০৩০ সালের মধ্যে চাঁদে স্থায়ী মার্কিন ফাঁড়ি স্থাপন এবং সেখানে পারমাণবিক চুল্লি পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছিলেন।
ট্রাম্পের প্রথম মেয়াদেও তার প্রশাসন মহাকাশকে একক আন্তর্জাতিক সম্পদ হিসেবে বিবেচনার পরিবর্তে মহাকাশসম্পদ ব্যবহারে জাতীয় স্বার্থ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছিল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদ আমাদের’ লেখা পোস্ট করা এবং আন্তর্জাতিক আইনের অধীনে চাঁদের মালিকানা দাবি করা এক বিষয় নয়। বর্তমান আন্তর্জাতিক মহাকাশ আইনে চাঁদ কোনো রাষ্ট্রের সার্বভৌম ভূখণ্ড হিসেবে স্বীকৃত নয়।
জ/উ