আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছে, তা এখনো জানা যায়নি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, স্থানীয় সময় ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে জাহাজটিতে হামলার খবর তাদের কাছে আসে।
তবে হামলায় জাহাজটির কতটা ক্ষতি হয়েছে, ক্রুদের অবস্থা কী এবং এ ঘটনার কারণে পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না-এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার তদন্ত চলমান থাকায় হরমুজ প্রণালিতে চলাচলকারী অন্যান্য জাহাজকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। পাশাপাশি কোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্যও জাহাজগুলোকে সতর্ক করেছে সংস্থাটি।
জ/উ