প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ এবার নিলামে উঠতে যাচ্ছে। আগামী ডিসেম্বর বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদবি’স পোশাকটি বিক্রির জন্য তুলবে। এর আগে চলতি মাসে লন্ডনে প্রদর্শনীর পর পোশাকটি নেওয়া হবে হংকং, জেনেভা ও নিউইয়র্কে। শেষ ধাপে নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে নিলাম।
১৯৯৪ সালের সেপ্টেম্বরের এক সন্ধ্যায় ডায়ানাকে এই কালো পোশাকে দেখা যায়। শরীরের সঙ্গে আঁটসাঁট ও কাঁধখোলা পোশাকটি তার পরা অন্যান্য পোশাকের তুলনায় ছিল বেশ ব্যতিক্রমী। তবে পোশাকটির বিশেষত্ব শুধু নকশায় নয়, এটি পরার সময়কার ঘটনাপ্রবাহের কারণেই পরে ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিতি পায়।
নিলামে পোশাকটির দাম ১ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য ১ কোটি ৮৩ লাখ থেকে ৩ কোটি ৬৭ লাখ টাকা।
ডায়ানার স্বামী ছিলেন প্রিন্স চার্লস, যিনি বর্তমানে যুক্তরাজ্যের রাজা। চার্লসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ঘটনাই পোশাকটির ‘রিভেঞ্জ ড্রেস’ নাম পাওয়ার পেছনে মূল কারণ। যে সন্ধ্যায় ডায়ানা পোশাকটি পরেছিলেন, সেদিনই চার্লস তার পরকীয়ার বিষয়টি টেলিভিশনে প্রকাশ করতে যাচ্ছিলেন।
এই পোশাক ঘিরে মানুষের আগ্রহ অবশ্য নতুন নয়। এর আগে ১৯৯৭ সালে ডায়ানা জীবিত থাকতেই পোশাকটি একবার নিলামে বিক্রি করেছিলেন এবং সেই অর্থ দাতব্য কাজে দিয়েছিলেন। তখন পোশাকটির দাম উঠেছিল ৩৯ হাজার ৯৮ পাউন্ড, যা বর্তমান মূল্যে প্রায় ১ লাখ পাউন্ডের সমান। পরে যে পরিবার পোশাকটি কিনেছিল, এত দিন সেটি তাদের কাছেই সংরক্ষিত ছিল।
‘রিভেঞ্জ ড্রেস’-এর নকশা করেছিলেন ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ান। ২০২২ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই সন্ধ্যায় ডায়ানার একটি সাদা গাউন পরার কথা ছিল। কিন্তু স্বামীর ওপর রাগের কারণে শেষ মুহূর্তে তিনি সেই পোশাক বাদ দিয়ে কালো পোশাকটি বেছে নেন। সেদিন উজ্জ্বল লাল নেইল পলিশও পরেছিলেন ডায়ানা, এমনভাবে যা এর আগে তাকে দেখা যায়নি।
ফ্যাশনসচেতন হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন ডায়ানা। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হলেও তার পোশাক ও ফ্যাশন-রুচির প্রতি আগ্রহ এখনো কমেনি। বরং নতুন প্রজন্মের কাছেও তার স্টাইল আজও অনুপ্রেরণার উৎস।
২০১৩ সালে মার্কিন সংগীতশিল্পী রিয়ানা ফ্যাশনবিষয়ক সাময়িকী ‘গ্লামার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়ানার ফ্যাশনবোধের প্রশংসা করেন। তার ভাষায়, ডায়ানার প্রতিটি সাজই ছিল দুর্দান্ত এবং পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন ‘একজন গ্যাংস্টার’।
জ/উ