ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর কাছ থেকে উপকূল দখলের পর কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির দ্বীপগুলোতেও হুতি যোদ্ধারা অবস্থান নিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে হুতি যোদ্ধারা প্রথমে উপকূলীয় শহর মোখায় পৌঁছায়। পরে সমুদ্রপথে গিয়ে বাব এল-মান্দেব প্রণালির কেন্দ্রে অবস্থিত মায়ুন দ্বীপে (পেরিম) দখল করে। এর আগে সরকারি বাহিনী সরে যার বলে কর্মকর্তারা জানিয়েছে। সরকারি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বরাতে এসব তথ্য জানা গেছে।
ইয়েমেনের সরকারি সূত্র শুক্রবার (১১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, হুতি যোদ্ধারা বাব এল-মান্দেবের উপকূলীয় শহর ধুবাবেও পৌঁছেছে। এছাড়া প্রণালির ওপর নজরদারিতে গুরুত্বপূর্ণ এল-ওমারি ক্যাম্প দখলের দাবি করেছে হুতিদের ঘনিষ্ঠ ইয়েমেন প্রেস এজেন্সি।
এএফপিকে একটি সূত্র জানিয়েছে, হুতিরা বাব এল-মান্দেব এলাকার নিয়ন্ত্রণ সম্পূর্ণ করেছে। তবে প্রণালিটির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে হুতিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বাব এল-মান্দেব লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ এবং এডেন উপসাগরের সঙ্গে লোহিত সাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথ। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে এর কৌশলগত গুরুত্ব রয়েছে। এর নিয়ন্ত্রণ হুতিদের হাতে গেলে লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর তাদের প্রভাব আরও বাড়তে পারে।
হুতিদের অগ্রযাত্রার মধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম প্রতি গ্যালন ৬ ডলার ছাড়িয়েছে। একই সময়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠার পথে ছিল।
হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে ইয়েমেনের সরকারি বাহিনী বড় ধরনের পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, এমন লক্ষণ খুব একটা দেখা যাচ্ছে না। তবে পরে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব মোখা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের ওপর সৌদি অবরোধ বন্ধ এবং আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
জ/বা