১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের তারিখ নির্ধারণে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, শনিবার দেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে ওই দিন পবিত্র রবিউল আউয়াল মাসের ২৯ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে রবিউস সানি মাসের গণনা শুরু হবে।
তবে আজ শনিবার চাঁদ দেখা না গেলে রোববার রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। তখন সোমবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।
জ/উ