দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
তিনি বলেন, আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে আমরা যে স্বপ্নের কথাই বলি না কেন, তা টেকসই হবে না।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তথ্যমন্ত্রী বলেন, কোয়ালিটি ডেভেলপমেন্ট আনতে হলে ভালো মানুষদের নেতৃত্বে আসতে হবে। গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভালো ও মেধাবী তরুণদের একটি বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নয়।
রাজনীতির গুরুত্ব তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, ভালো উপাদান থাকলেও দক্ষ বাবুর্চি না থাকলে যেমন ভালো খাবার তৈরি হয় না, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফলও টেকসই করা সম্ভব নয়।
তিনি বলেন, বরিশালের ঐতিহ্য অতুলনীয়। ফুটবল থেকে শুরু করে রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও বরিশালের মানুষ দেশের নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতার পর পর্যন্ত এ অঞ্চল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে পরিণত করতে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বরিশালের আশপাশের সব নির্বাচনি এলাকা ও জেলাগুলো থেকে মেধাবী ও যোগ্য তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে হবে। এজন্য রাজনীতিতে আসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।
আন্দালিভ রহমান আরও বলেন, আমরা যদি আগামী প্রজন্মের জন্য ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে কোনো ধরনের উন্নয়নই টেকসই হবে না। এটা শুধু বরিশালের সমস্যা নয়, সারা বাংলাদেশেই এই সংকট রয়েছে।
তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। তবে বর্তমান সময়ে দেশের প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সেই উন্নয়ন নিশ্চিত করতে হলে ভালো ও সৎ মানুষকে নেতৃত্বে আনতে হবে।
বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যারা বর্তমানে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবী তরুণদের রাজনীতিতে আসার পথ তৈরি করা। তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য রাজনীতির পরিবেশ সহজ ও ইতিবাচক করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে অংশ নিতে পারে।
জ/শা