মাদক, অবৈধ জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নাটোরের বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি, সন্দেহভাজন স্থানে অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তমালতলা, বাঁশবাড়িয়া, জামনগরসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। বিশেষ করে জামনগর ইউনিয়নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি ও খোঁজখবর নেওয়া হয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়ানো হয়।
পুলিশের এ ধরনের তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, মাদক ও অবৈধ জুয়ার বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, “মাদক, অবৈধ জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।