মায়ের শেষকৃত্যে অংশ নিতে পারবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি পেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।
এদিকে জেলা ম্যাজিস্ট্রেটের সই করা আদেশের একটি কপি হাতে এসেছে। ওই আদেশে বলা হয়েছে, কোতোয়ালি থানার মামলা নং-৫২(১০)২৪’র হাজতি আসামি চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাসের মা বৃহস্পতিবার মারা যান। তার পারলৌকিক কার্যক্রম (সৎকার) বৃহস্পতিবার বেলা ৩টায় হাটহাজারীর মেখল এলাকার শ্রীশ্রী পুণ্ডরীক ধামে অনুষ্ঠিত হবে।
মায়ের সৎকার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চিন্ময়ের পক্ষে তার ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময়কে মুক্তির সময় থেকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়।
আদেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চট্টগ্রামের প্রবর্তক শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির অন্যতম শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, চিন্ময়ের প্যারোলে মুক্তির আদেশ নিশ্চিত হয়েছে। আদেশের কপি চট্টগ্রাম জেলা কারাগারে পৌঁছানোর পর তাকে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হবে।
তিনি জানান, চিন্ময়ের মা সন্ধ্যা রাণী ধরের মরদেহ বর্তমানে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম মন্দিরে রাখা হয়েছে। সেখানে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
চট্টগ্রাম কারাগার সূত্র জানিয়েছে, প্যারোলে মুক্তির পর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সরাসরি হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধামে নেওয়া হবে। মায়ের মরদেহও রাখা হয়েছে এই ধামেই। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরতে হবে।
চিন্ময়ের শৈশব ও পারিবারিক স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা পুণ্ডরীক ধামেই এখন শেষবারের মতো মায়ের মরদেহের পাশে দাঁড়াবেন তিনি। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও অনুসারীদের উপস্থিতিতে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পুণ্ডরীক ধামে এরই মধ্যে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন।
জ/বা