সাম্প্রতিক সময়ে পর্দায় নানা ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এবার রহস্যময় এক লাল চরিত্র নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। ‘লালপরী অ্যান্ড দ্য রেড কার’ নামের নতুন নাটকে স্পর্শিয়াকে দেখা যাবে ‘লালপরী’ চরিত্রে। নাটকটি নির্মাণ করেছেন জোবায়ের আবির পিয়াল। এতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান।
নাটকটির পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। টিজারে টুকটুকে লাল সাজে স্পর্শিয়ার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। পাশাপাশি ভৌতিক আবহ কৌতূহল আরও বাড়িয়েছে। দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত অভিনেত্রীও।
স্পর্শিয়া বলেন, একটি কাজের পেছনে শিল্পীদের অনেক পরিশ্রম থাকে। সেই কাজ দর্শকের ভালো লাগলে সেটিই শিল্পীদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
তবে ‘লালপরী অ্যান্ড দ্য রেড কার’-এর গল্প কিংবা নিজের চরিত্রের রহস্য এখনই পুরোপুরি প্রকাশ করতে চান না স্পর্শিয়া। টিজারে ভৌতিক আবহের বিষয়টি সামনে আসার পরও রহস্য রেখেই তিনি জানিয়েছেন, বাংলাদেশে নতুন ধরনের কিছু একটা হতে যাচ্ছে।
নতুন নাটকের পাশাপাশি আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ পর্বের দিকেও এগিয়ে যাচ্ছেন স্পর্শিয়া। এই ধারাবাহিকে তার অভিনীত ‘স্পর্শ’ চরিত্রটি ইতোমধ্যে দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। টানা এক বছর ধারাবাহিকটির সঙ্গে যুক্ত থাকার পর এখন কাজটি শেষ হওয়ার ভাবনাও আবেগী করে তুলছে তাকে।
অভিনেত্রীর ভাষ্য, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে গিয়ে সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। শুটিংয়ের ব্যস্ততা, আড্ডা, হাসি-ঠাট্টা এবং একসঙ্গে কাটানো সময়ের নানা স্মৃতিই এখন ধারাবাহিকটির সমাপ্তির কথা ভাবলে মন খারাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর তৌসিফ মাহবুব ও স্পর্শিয়াকে একই পর্দায় দেখছেন দর্শক। তাদের জুটি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। তবে পর্দার রসায়নকে বাস্তব জীবনের সম্পর্কের সঙ্গে মেলাতে রাজি নন স্পর্শিয়া।
তিনি স্পষ্ট করেছেন, দুজনেই বিবাহিত এবং নিজেদের সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে তাদের মধ্যে বাস্তব জীবনের কোনো সম্পর্কের সম্ভাবনা নেই।
দর্শকের এমন মন্তব্য অবশ্য নেতিবাচকভাবে নিচ্ছেন না স্পর্শিয়া। তার মতে, কোনো জুটিকে দর্শক পছন্দ করলে সেখান থেকেই এ ধরনের মন্তব্য আসে। তাই বিষয়টিকে তিনি দর্শকের ভালোবাসারই একটি বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
অভিনয়ের পাশাপাশি নতুন কয়েকটি কাজের প্রস্তুতিতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন স্পর্শিয়া। এসব কাজের প্রি-প্রোডাকশনের কার্যক্রম চলছে। এরই মধ্যে তার অভিনীত চলচ্চিত্র ‘মানুষের বাগান’ জায়গা করে নিয়েছে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উৎসবে নিজেও উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে এই অভিনেত্রীর।
জ/উ