খন্দকার হানিফ রাজা

অপরাধ

2026-09-03T17:53:07+06:00
2026-09-03T17:58:32+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
এক দশকের চিত্রে মাদকের বিরুদ্ধে দাঁড়ালেই হামলা, প্রাণও যাচ্ছে
একের পর এক হত্যাকাণ্ড; প্রতিবাদকারীদের নিরাপত্তায় নেই আলাদা পরিসংখ্যান
খন্দকার হানিফ রাজা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৫:৫৮ পিএম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই যেন অনেকের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। কোথাও মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুপিয়ে হত্যা, কোথাও সেবনে আপত্তি করায় পিটিয়ে হত্যা, আবার কোথাও পরিবারের সদস্যকে মাদক থেকে দূরে রাখতে গিয়ে প্রাণ হারানোর ঘটনা ঘটছে। গত এক দশকে দেশের বিভিন্ন এলাকায় এমন বেশ কিছু হত্যাকাণ্ডের তথ্য সংবাদমাধ্যমে এসেছে। বিচ্ছিন্ন এসব ঘটনায় অভিন্ন একটি চিত্র স্পষ্টÑমাদক কারবারিদের বিরুদ্ধে স্থানীয়ভাবে মুখ খুললেই হামলার ঝুঁকি তৈরি হচ্ছে। তবে মাদক ব্যবসা বা সেবনে বাধা দেওয়ার কারণে সংঘটিত হত্যা ও হামলার কোনো পৃথক জাতীয় পরিসংখ্যান নেই। ফলে ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ঠিক কতজন মানুষ এ কারণে প্রাণ হারিয়েছেন, তার পূর্ণাঙ্গ চিত্রও অজানা।

এক দশকের রক্তাক্ত নজির: ২০১৬ সালের অক্টোবরে ফেনীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে লোকমান হোসেন (৪৩) ছুরিকাঘাতে নিহত হন। এর পরের বছরও মাদকবিরোধী অবস্থানের জেরে হত্যার অভিযোগ ওঠে। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ছাত্র হত্যা এবং ছাত্রলীগ নেতা মশু হত্যার ঘটনায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। ২০১৯ সালের জুনে ঢাকার নবাবগঞ্জে যুবলীগ নেতা আরিফ হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের কথা সামনে আসে। ২০২০ সালে কুমিল্লার মথুরাপুরে মাদক পাচারে বাধা দেওয়ায় ট্রাক্টরচালক আলমগীর হোসেনকে হত্যার অভিযোগ ওঠে। ২০২১ সালে নারায়ণগঞ্জে এক যুবক এবং কুমিল্লায় কলেজছাত্র মিথুন ভূঁইয়া মাদক ব্যবসায় বাধা দেওয়ার ঘটনায় নিহত হন বলে সংবাদে আসে। ২০২২ সালে বরিশালের বাকেরগঞ্জে রনি মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায়ও মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ২০২৩ সালে রাজধানীর খিলগাঁওয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। একই বছরে নোয়াখালীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে বিআরডিবির কর্মকর্তা হুমায়ুন কবির মুকুল হত্যা মামলায় গ্রেপ্তারের খবরও আসে।

সা¤প্রতিক ঘটনাতেও একই চিত্র: ২০২৪ সালের নভেম্বরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বপন আহমেদ (৪০) নিহত হন বলে অভিযোগ ওঠে। ২০২৫ সালের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি কুমিল্লার আদর্শ সদর উপজেলার বসন্তপুরের হত্যাকাণ্ড। মাদক কারবারে বাধা দেওয়ার অভিযোগে রাহেলা বেগম (৬৫) ও তাঁর ছেলে কামাল হোসেনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। পুলিশ জানায়, অভিযুক্ত বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা ছিল। তবে পরিবারের জমিসংক্রান্ত বিরোধও তদন্তে রাখা হয়। ২০২৬ সালেও বন্ধ হয়নি এই প্রবণতা। মার্চে নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে শ্যামল দাস (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তাঁর অভিযোগ, এলাকায় মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় আগে থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। হামলার সময় তাঁকে মামলা করলে হত্যার হুমকিও দেওয়া হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
বখাটেপনার প্রতিবাদেও ঝুঁকি: শুধু মাদক নয়, বখাটেপনা ও নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করেও হত্যার শিকার হওয়ার নজির রয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে মেলায় বখাটেপনায় বাধা দেওয়ায় মোস্তাকিম নামে এক কিশোরকে প্রকাশ্যে ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে। চাঁদপুরের মতলব দক্ষিণে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক বাবাকে হত্যার ঘটনাও সংবাদমাধ্যমে এসেছে।

নিরাপত্তা কোথায়?: মাদকবিরোধী অভিযানে প্রতিবছর বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও কারবারি গ্রেপ্তার হলেও যারা প্রথমে স্থানীয় পর্যায়ে প্রতিবাদ করেন, তাঁদের নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে নজরে আসে না। অভিযোগের পর হুমকি পেলেও অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা কার্যকর সুরক্ষা পান না-এমন অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মাদকের বিরুদ্ধে লড়াই শুধু অভিযান, গ্রেপ্তার ও মাদক উদ্ধারে সীমাবদ্ধ রাখলে হবে না। অভিযোগকারী ও প্রতিবাদকারীদের নিরাপত্তা, হুমকির দ্রুত তদন্ত এবং হামলা-হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে মাদকবিরোধী হামলা ও হত্যার পৃথক জাতীয় তথ্যভান্ডার তৈরি করা হলে সমস্যার প্রকৃত ব্যাপ্তি বোঝা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ হবে।

জ/রা





  বিষয়:   অপরাধ  মাদক  হত্যা  নিরাপত্তা  হামলা 



Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]