প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলামে শিক্ষার্থীদের ইংরেজিসহ ভাষা শেখার ক্ষেত্রে শ্রবণ (লিসেনিং) ও কথন (স্পিকিং) দক্ষতাকে সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, শুধু পড়া ও লেখার দক্ষতা অর্জনই যথেষ্ট নয়। শিক্ষার্থীরা যেন শুনে বুঝতে পারে, সঠিকভাবে কথা বলতে পারে এবং নিজের ভাবনা প্রকাশ করতে পারে, সে লক্ষ্যেই কারিকুলামে প্রয়োজনীয় অনুশীলন ও কার্যক্রম যুক্ত করা হবে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার পিটিআইতে আয়োজিত ‘বাংলাদেশ টিএমটিই (ট্রেনিং অব মাস্টার ট্রেনার্স ইন ইংলিশ) সদস্য সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতা-শুনে বোঝা, বলে প্রকাশ করা, পড়ে বোঝা এবং লিখে প্রকাশ করা-সবগুলোতেই সমান গুরুত্ব দিতে হবে। তবে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ‘শুনে বোঝার’ দক্ষতা গড়ে তোলার দিকে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বিজ্ঞানী, চিকিৎসক কিংবা প্রকৌশলী হওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতার পাশাপাশি ভাষাগত সক্ষমতাও জরুরি। ইংরেজি ভাষায় বিপুল পরিমাণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান সংরক্ষিত রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সেই বিশ্বজ্ঞান গ্রহণের সুযোগ তৈরি করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, শুধু সাক্ষরতার হার বাড়ালেই একটি শিক্ষিত সমাজ গড়ে ওঠে না। এমন শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি তা বাস্তবে প্রয়োগ করতে এবং বিশ্বজ্ঞান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় কেবল পাঠ্যবইনির্ভর পদ্ধতিতে শিক্ষাদান যথেষ্ট নয়। ভিডিও, ওয়ার্কবুক, ডিজিটাল কনটেন্ট, খেলা এবং অন্যান্য আধুনিক শিক্ষণ-উপকরণ কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে শিক্ষকদের সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে।
ববি হাজ্জাজ বলেন, সরকার পরিবর্তন চায়। তবে সেই পরিবর্তন হতে হবে সুনির্দিষ্ট, বাস্তবভিত্তিক এবং ফলাফলনির্ভর। প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্টদের স্পষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে টিএমটিই বাংলাদেশের প্রধান সমন্বয়ক রিয়াজ পারভেজের সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের উপপরিচালক মারিয়া রেহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জ/উ