শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেলের চিন্তা চলছে : শিক্ষামন্ত্রী

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-09-06T15:53:14+06:00
2026-09-06T15:53:14+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেলের চিন্তা চলছে : শিক্ষামন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম 
শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেলের চিন্তা চলছে : শিক্ষামন্ত্রী
ভবিষ্যতে বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল দেওয়ার বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ১১ বছর পর নতুন পে-স্কেল কার্যকর হতে যাচ্ছে। তবে নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির সঙ্গে যথাযথ সমন্বয় হয়নি-বিষয়টি সরকারের আলোচনায় এসেছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১১ বছর পর পে-স্কেল হতে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে মূল্যস্ফীতির সঙ্গে এর যথাযথ সমন্বয় হয়নি। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে উপলব্ধি রয়েছে এবং মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি উঠে এসেছে।

তিনি বলেন, “সেই জায়গা থেকে আমরা আগামী দিনের চিন্তা করছি। যেভাবে বিচার বিভাগে আলাদা পে-স্কেল রয়েছে, তেমনিভাবে আমরাও একটি চিন্তাভাবনা করছি। কিন্তু সেটা এত অল্প সময়ের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া একটি রাজনৈতিক সরকার পারছে না; এটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। ইনশাআল্লাহ, আমরা সেদিকেই এগোব।”

শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ড. মিলন বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছেন। সেই ভোগান্তি থেকে তাদের উত্তরণের জন্যই সরকার কাজ করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৬ সালের ৮ আগস্ট পর্যন্ত ২০২১ সাল থেকে শিক্ষকদের বকেয়া নিজ কন্ট্রিবিউশনের অংশ তুলে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে দেওয়ার বাকি অংশও সমন্বয়ের মাধ্যমে পরিশোধের দিকে এগোনো হচ্ছে।

“আমি আশা করছি, আগামী বাজেটগুলো পাওয়ার মধ্য দিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের এই সমস্যার নিরসন হবে। এটি শিক্ষকদের দীর্ঘদিনের একটি সমস্যা ছিল, আমরা সেটি এড্রেস করেছি,” বলেন শিক্ষামন্ত্রী।

এদিকে আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার উদ্যোগের কথাও জানিয়েছেন ড. মিলন। তিনি বলেন, শিক্ষক দিবসে শিক্ষকদের স্মরণ ও সম্মান জানাতেই এ আয়োজন করা হচ্ছে।

গুণী শিক্ষক নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাপক পরিসরে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “আমরা স্বচ্ছতা চাই। যোগ্যদের সম্মান দিতে চাই। তাদের কাজের জন্য তাদেরকে পুরস্কৃত করতে চাই।”

শিক্ষামন্ত্রী জানান, এবার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে গুণী শিক্ষক নির্বাচন করে সম্মাননা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক স্তরে দুটি, মাধ্যমিক স্তরে তিনটি, কলেজ স্তরে তিনটি এবং সাধারণ, চিকিৎসা, কৃষি ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্তরে একটি করে-মোট ১২টি সম্মাননা পদক দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। তবে জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজন মনে করলে সম্মাননার সংখ্যা পরিবর্তন করতে পারবে।

সংবাদ সম্মেলনে শিক্ষকদের আরও বড় পরিসরে সম্মানিত করার পরিকল্পনার কথাও জানান ড. মিলন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো ১০০ জন শিক্ষককে নির্বাচন করা এবং প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা করে মোট এক কোটি টাকার অনুদানের ব্যবস্থা করা।”

তিনি বলেন, যারা ভালো কাজ করেছেন, তাদের কাজের স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করা সরকারের দায়িত্ব। বিগত সরকারের সময়ে মাত্র ১২ জন শিক্ষককে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা, সহযোগিতা ও তাদের কাজের স্বীকৃতি দিতে চায়-এটি প্রধানমন্ত্রীর ইচ্ছা বলেও জানান তিনি।

গুণী শিক্ষক নির্বাচনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্টিয়ারিং কমিটির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের পাশাপাশি তাদের মর্যাদা ও কাজের স্বীকৃতি দেওয়ার বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]