ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের দায়িত্ব আরও বাড়ল। সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। কমিটি দুটি হলো-‘কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি’ এবং ‘পিটিশন কমিটি’।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মোট চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়। এর মধ্যে দুটি কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্পিকারকে।
সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।
সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ১২ সদস্যের ‘কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হয়েছে। কার্যপ্রণালি-বিধির ২৬৩ ও ২৬৫ বিধিতে নির্ধারিত দায়িত্ব পালন করবে এই কমিটি। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
কমিটির সদস্যরা হলেন-ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।
এদিকে, সংসদের কার্যপ্রণালি-বিধি সংক্রান্ত দায়িত্বের পাশাপাশি নাগরিকদের বিভিন্ন আবেদন ও পিটিশন পর্যালোচনার দায়িত্বও পালন করবেন স্পিকার।
কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী ১০ সদস্যের ‘পিটিশন কমিটি’ গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতিও হয়েছেন হাফিজ উদ্দিন আহমদ।
পিটিশন কমিটির সদস্যরা হলেন-ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. বি. এম আশরাফ উদ্দিন মিজান (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।
সোমবারের অধিবেশনে এ দুটি কমিটির পাশাপাশি ‘সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ এবং ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ও গঠন করা হয়েছে।
জ/উ