নাটোরের বাগাতিপাড়ায় একটি মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গালিমপুর ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় সিসিটিভি ফুটেজ থাকলেও মুখে কাপড় পেঁচিয়ে রাখায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়, ভোরে মসজিদের পাশের বাড়ির বাসিন্দা মাসিদুল ব্রাশ করতে এসে এবং একই সময়ে এক নারী দানবাক্সে ১০০ টাকা দিতে গিয়ে তালা ভাঙা দেখতে পান। পরে তারা বিষয়টি মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিনকে জানালে তিনি এসে মসজিদের সিসিটিভি ফুটেজে দেখতে পান, দুই ব্যক্তি মাথায় কাপড় জড়িয়ে মাত্র ৭-৮ মিনিটের মধ্যে দানবাক্সের তালা ভেঙে ব্যাগভর্তি করে টাকা নিয়ে চলে যায়।
মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন জানান, আমি পাশের মাদ্রাসায় শ্রমিক নিয়ে কাজ করাচ্ছিলাম। ফোন পেয়ে এসে দেখি দানবাক্সের তালা ভাঙা এবং ভেতরের সব টাকা নিয়ে গেছে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। স্থানীয় লোকজন ও কমিটির সদস্যদের নিয়ে সিসিটিভি ফুটেজ দেখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফুটেজ সংগ্রহ করেছে।
তিনি আরও জানান, প্রায় এক বছর তিন মাস ধরে দানবাক্স খোলা হয়নি। এর আগে তিন মাস পর একবার দানবাক্স খুলে প্রায় ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল। চোরদের শনাক্তে দেশবাসী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, কেউ তথ্য দিয়ে চোর শনাক্ত করতে সহায়তা করলে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।
মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান দুলাল বলেন, মসজিদে বিভিন্ন দান-অনুদান আসে। প্রতি শুক্রবার মুসল্লিরাও দান করেন। সব অর্থ দানবাক্সে জমা রাখা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ৫৭ মিনিটে দুই ব্যক্তি দানবাক্সের কাছে এসে তালা ভাঙে এবং ভোর ৪টা ৫ মিনিটে বস্তাভর্তি টাকা নিয়ে চলে যায়। মুখে কাপড় থাকায় তাদের চেহারা শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জ/বা