জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-03T16:32:09+06:00
2026-09-03T16:32:09+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রস্তাব : স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম 
আগামী ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই প্রস্তাবিত তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আজ বৃহস্পতিবার তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের কারণে গত এক বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবারের বৈঠকে তাবলিগের দুই অংশের এক পক্ষ, অর্থাৎ মাওলানা সাদপন্থিদের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও আলোচনা করা হয়েছিল। দুই পক্ষের সঙ্গেই কথা বলার বিষয়টি তাদের জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইজতেমা আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আরও আলোচনা করা হবে। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। কোনো ধরনের সংঘর্ষ যেন না ঘটে, সেটিই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ অতীতে এ ধরনের ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইজতেমার বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। ফলে এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জুবায়েরপন্থিদের পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয়-দুই পর্বের ইজতেমাই তারা আয়োজন করতে চান। অন্যদিকে মাওলানা সাদপন্থিদের দাবি, রমজানের আগে এবং প্রস্তাবিত দুই পর্বের পরবর্তী সময়ে একটি পর্বে ইজতেমা আয়োজনের সুযোগ দেওয়া হোক। পাশাপাশি নভেম্বরের শেষ দিকে প্রস্তাবিত দুই পর্বের ইজতেমা শুরুর আগেও একটি পর্ব আয়োজনের প্রস্তাব রয়েছে তাদের।

মাওলানা সাদ সাহেবের বাংলাদেশে আগমনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় বিষয়টি ধর্ম মন্ত্রণালয় দেখবে এবং তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিষয়টি ভিসানীতির আওতায় বিবেচনা করা হবে। এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। ভিসানীতি অনুযায়ী প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]