দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে নিয়ে গেছে যে দেশের অর্থনীতির কোমর ভেঙে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের কঠিনতম সময়ে দায়িত্ব নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার দুপুরে ভোলার নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ভোলা-বরিশাল সেতুর প্রসঙ্গ তুলে পার্থ বলেন, ভোলা-বরিশাল সেতুর দাবিতে ভোলার প্রত্যেক মানুষ আন্দোলন করেছে। এ নিয়ে আমরা সবাই কাজ করেছি। সরকার বিষয়টি দেখছে এবং নিজস্ব অবস্থান থেকে তা বিবেচনা করছে।
তিনি বলেন, হিজলা-মুলাদি-শরীয়তপুর হয়ে ঢাকায় গেলে প্রায় ৪০ মিনিট সময় কম লাগে। বিষয়টিও সরকার বিবেচনা করছে।
ভোলার উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজের জন্য ১ হাজার ২০০ কোটি টাকা, নদীভাঙন প্রতিরোধে ৭০০ কোটি টাকা এবং সদর উপজেলার অভ্যন্তরীণ সড়ক মেরামতের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভোলার উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে পার্থ বলেন, ‘আমার দলে কোনো চোর নেই, সন্ত্রাসী নেই, টেন্ডারবাজ-চাঁদাবাজ নেই। আমার দলের নাম ভাঙিয়ে কেউ যদি এসব করে, মনে রাখবেন তারা আমার দলের কেউ নয়।’
নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘নির্বাচনের সময় আমাকে অনেকে ভোট দিয়েছেন, অনেকে ভোট দেননি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন, যেন আমি সবার জন্য কাজ করতে পারি।’
ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ভোলায় সফর করেন। তাকে একনজর দেখতে পথে পথে মানুষের ঢল নামে।
সকাল থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ভোলার খেয়াঘাট থেকে শুরু করে নতুন বাজার, কালীনাথ রায় বাজারসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান।
দুপুর ১২টার দিকে বরিশাল থেকে স্পিডবোটে ভোলার উদ্দেশে রওনা দেন আন্দালিভ রহমান পার্থ। এ সময় ভোলার খালের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।
দুপুর সোয়া ১টার দিকে তিনি ভোলার খেয়াঘাটে পৌঁছালে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ বাংলাদেশ জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
পরে খেয়াঘাট থেকে উকিলপাড়ার বাসভবনে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ ফুল দিয়ে তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর নতুন বাজার চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
জ/উ