জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-02T00:09:47+06:00
2026-09-02T00:09:47+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ এএম 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, জিয়াউর রহমানই দেশে প্রথম উন্নয়নের রাজনীতির সূচনা করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। তাঁর রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকার সূচনা হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তাঁর আহ্বানে ছাত্র-জনতা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করে।

তিনি বলেন, ১৯৭৫ সালে দেশ সংকটের মুখে পড়লে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমান দেশকে সেই পরিস্থিতি থেকে রক্ষা করেন। পরবর্তীতে তিনি বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের রাজনীতির সূচনা করেন।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি হয়। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়াকে জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এমন এক সময়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, যখন বাংলাদেশের টিকে থাকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আশঙ্কা ছিল।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই জিয়াউর রহমান প্রায় ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনর্গঠনের উদ্যোগ নেন। তাঁর পররাষ্ট্রনীতিও ছিল দূরদর্শী। কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতে তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাব পড়ে এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যায় ও চাল রপ্তানি শুরু করে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও মর্যাদা সমুন্নত রেখে মানুষের জন্য কাজ করতে হবে। তাঁর ভাষ্য, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বড় চ্যালেঞ্জ গ্রহণ করে দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিচ্ছেন। আগামী পাঁচ বছরে বাংলাদেশকে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

স্বাগত বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিএনপির নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর দাবি, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিপুল ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। তাঁর নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনসহ পুরো সিলেটের উন্নয়ন ও অগ্রগতিকে আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপির কেন্দ্রীয় সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা কামাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথি ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেক কেটে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]