পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখনো সফরের তারিখ চূড়ান্ত হয়নি। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন। এ সফরকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে সফরের কর্মসূচি বা সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি।
এদিকে, গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এ ঘটনায় ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশ সেটিকে ইতিবাচকভাবে দেখছে।
ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা কিংবা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে অবস্থান করা বিভিন্ন অপরাধী ও দুষ্কৃতিকারীদের প্রসঙ্গও উঠে আসে সাংবাদিকদের সঙ্গে আলোচনায়। হুমায়ুন কবির বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ আশ্রয় দেবে না। একইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে ভারত আশ্রয় দেবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
দুই দেশের মধ্যে অপরাধী ও পলাতকদের বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো দেশই যাতে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়, সে জন্য পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হুমায়ুন কবির। তিনি বলেন, কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কিনছে না। বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। দেশের বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ সম্প্রসারণ, আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানো এবং বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবেই উড়োজাহাজ কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এদিন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি।
হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র যখনই ঝুঁকির মুখে পড়েছে, তখনই বিএনপি সামনে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছে। দেশের রাজনৈতিক ইতিহাসে দলটির অবস্থান তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জ/উ