জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের মানুষের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য সবসময় অনুসরণীয় হয়ে থাকবে। বিএনপির নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার মালিক। জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ও ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। ইতিহাসে কোনো স্বৈরাচারী কিংবা অগণতান্ত্রিক সরকারই জনগণের ওপর জোর করে স্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারেনি। সময়ের ব্যবধানে অনেক শক্তিশালী শাসকেরও পতন হয়েছে। তাই গণতন্ত্রের মূল শক্তি জনগণ এবং রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎসও জনগণ বলে উল্লেখ করেন তিনি।
দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে—এটাই সরকারের বিশ্বাস। কৃষকের সার্বিক কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করা ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়।
তিনি বলেন, একসময় সাধারণ কৃষিপণ্যও দেশের বাইরে থেকে আমদানি করতে হতো। তবে বর্তমান সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপের ফলে অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমদানিনির্ভরতা অনেকটাই কমেছে। আগামী দিনে নতুন প্রজন্মকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না; বরং বিদেশে পেঁয়াজ রপ্তানির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, এমপি; সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া; মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।
জ/উ