মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালনে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে সাক্ষাতের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সাক্ষাৎকালে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা আরও বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি আনসার সদস্যদের বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এবং কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার ওপরও জোর দেন।
রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী।
এ সময় আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি। পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।
সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী বিভিন্ন কার্যক্রমে আনসার ও ভিডিপির ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। আগামী দিনগুলোতে এসব ক্ষেত্রে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের জন্য বাহিনীটির প্রতি আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাতে আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ প্রস্তুত, ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে বাহিনীর নেওয়া কর্মসূচির বিষয়গুলো তুলে ধরেন।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতাও কামনা করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক।
জবাবে দায়িত্ব পালনের পাশাপাশি বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ