রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে নিহত হয়েছেন তিন সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সদস্য। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঘটে এ দুর্ঘটনা।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।
আইএসপিআর বলছে, তৃতীয় টার্মিনালে নিয়মিত দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন সদস্য নিহত এবং চারজন আহত হন।
নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। আহতরা হলেন কর্পোরাল সিফাত ওরফে আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের।
দুর্ঘটনার পরপরই নিহত ও আহত সবাইকে নেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ।
দুর্ঘটনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।