ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা (এফআইআর) করেছে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশ অমান্য, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সরকারি কাজে বাধা এবং নির্ধারিত সময়ের পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগে এই মামলা করা হয়েছে। খবর এনডিটিভির।
গতকাল শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টিএমসির ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে হেস্টিংস থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরটি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতার ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভার আয়োজন করে কালীঘাট শিবির। ওই কর্মসূচি ঘিরে আদালত বেশ কিছু শর্ত নির্ধারণ করে দিয়েছিল।
আদালতের নির্দেশ অনুযায়ী, ক্যাথিড্রাল রোডের একটি ফ্ল্যাঙ্ক যান চলাচলের জন্য খোলা রেখে অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু পুলিশের অভিযোগ, বাস্তবে সড়কের দুই দিকের লেনই বন্ধ হয়ে যায়। এ ছাড়া দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সভার অনুমতি দেওয়া হলেও নির্ধারিত সময়ের পরও কর্মসূচি চলতে থাকে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের দাবি, সভা চলাকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও ইশারার পর কর্মী-সমর্থকেরা ব্যারিকেড সরিয়ে দেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ কারণে ক্যাথিড্রাল রোডে যান চলাচলও ব্যাহত হয় বলে পুলিশের অভিযোগ।
এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার বলেন, ‘দেখলেন না আজকে সাবেক মুখ্যমন্ত্রী কীভাবে হাইকোর্টের অর্ডারকে ভাঙলেন! রাস্তার একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে করতে বলেছিল। একদম গাছের নিচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন! আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্টার করতে এবং ওর বিরুদ্ধে হাই কোর্টে মুভ করতে।’
এদিকে কলকাতার ধর্মতলার কাছে রানি রাসমণি অ্যাভিনিউতেও তৃণমূল ছাত্র পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই কর্মসূচি আয়োজন করা হয়। সূত্র: এনডিটিভি
জ/উ