কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে আইনশৃঙ্খলা, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতসহ জনকল্যাণ ও উন্নয়ন কার্যক্রম জোরদারে মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ের স্থানীয় সরকার সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার ২৭ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের আলোকে আয়োজিত সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্য, খাদ্য ও সার সরবরাহসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।
প্রতিমন্ত্রী বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তাৎক্ষণিকভাবে তাকে অবহিত করার নির্দেশও দেন তিনি। জেলা প্রশাসকদের নিয়মিত সব উপজেলা পরিদর্শনের পরামর্শ দিয়ে কুড়িগ্রামের আইনশৃঙ্খলা সভায় সমন্বয় জোরদারে পার্শ্ববর্তী জামালপুর ও লালমনিরহাট জেলার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেন।
সভায় জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় মামলা এবং প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুজব প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও সঠিক তথ্য দ্রুত প্রচারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
নদীভাঙনসহ স্থানীয় সমস্যা দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং খাল খনন কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। সার সরবরাহে কৃত্রিম সংকট এড়িয়ে কৃষকরা যাতে সময়মতো সার পান, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। সার ডিলার নিয়োগ ও বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ অনুযায়ী শূন্য পদে দ্রুত ডিলার নিয়োগে জেলা ও উপজেলা কমিটিগুলোকে কার্যকরভাবে সম্পৃক্ত করার পরামর্শ দেওয়া হয়।
পরিচ্ছন্নতা ও ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা সম্ভব হবে।’
তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা সরেজমিনে দেখতে সংশ্লিষ্ট জেলাগুলো সফর করবেন জানিয়ে মীর শাহে আলম বলেন, এ সময় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও জনসেবার বাস্তব পরিস্থিতি পরিদর্শন করবেন।
জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কার্যালয় এবং রংপুর বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
জ/উ