ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে বাবর আজমকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান। আঙুলের চোট কাটিয়ে অনুশীলনে ফেরা এই ব্যাটারকে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেখা গেছে বলে জানিয়েছেন দলের বোলিং কোচ উমার গুল।
সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী বৃহস্পতিবার লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আঙুলের চোটের কারণে হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বাবর। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার আঙুলে চোট পাওয়ার পর ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে একই জায়গায় আবারও আঘাত পান তিনি।
তবে লর্ডস টেস্ট সামনে রেখে অনুশীলনে ফিরেছেন বাবর। উমার গুল জানান, নেটে ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন এই ব্যাটার।
গুল বলেন, ‘বাবর নেটে ব্যাটিং করেছে। ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের মুখোমুখি হয়েছে। আজ তাকে ভালো অবস্থায় দেখা গেছে। পুরো একটি ব্যাটিং সেশন করেছে। আমরা আশা করছি, পরের ম্যাচে তাকে পাওয়া যাবে।’
বাবর ফিরলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বড় স্বস্তি ফিরতে পারে। সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। কোনো ইনিংসেই ২০০ রান ছুঁতে পারেনি তারা। শেষ পর্যন্ত ইনিংস ও ১০৩ রানে হেরে যায় সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন বাবর। চার ইনিংসে দুটি ফিফটির সাহায্যে তাঁর সংগ্রহ ছিল ১৯৩ রান। এর মধ্যে দুটি ইনিংসেই অপরাজিত ছিলেন তিনি।
ওই সিরিজের আগে আবারও পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব পান বাবর। লর্ডস টেস্টে মাঠে নামতে পারলে ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন তিনি।
ইংল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ছয় টেস্ট ইনিংসে তিনটি ফিফটি করেছেন বাবর। সেখানে তাঁর ব্যাটিং গড় ৬৫.৭৫। ইংল্যান্ডের বিপক্ষে ১৪ টেস্ট ইনিংসে তাঁর গড় ৫৩.৮৩। এসব ইনিংসের অর্ধেকেই ফিফটি কিংবা সেঞ্চুরি পেয়েছেন তিনি।
বাবরের ফেরার সম্ভাবনায় স্বস্তি পেলেও প্রথম টেস্টের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে দলকে ঘুরে দাঁড়াতে হবে বলে মনে করেন উমার গুল। তাঁর মতে, টেস্ট জিততে হলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই ভালো করতে হবে।
গুল বলেন, ‘আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। টেস্ট জিততে হলে সব বিভাগেই ভালো পারফরম্যান্স দরকার। বিশেষ করে এই কন্ডিশনে বোলারদের দায়িত্ব বেশি। প্রতিপক্ষের ২০ উইকেট না নিতে পারলে টেস্ট জেতা সম্ভব নয়।’
জ/উ