গোল করেও প্রায় এক মাস ধরে জয়হীন ইন্টার মায়ামিকে জয়ের ধারায় ফেরাতে পারলেন না লিওনেল মেসি। ঘরের মাঠে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে আরও একবার হতাশ হয়েছে মেসির দল। সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ হার।
ম্যাচের শুরু থেকেই জয়ের লক্ষ্যে খেলছিল স্বাগতিক মায়ামি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা।
বিরতির পর টরন্টোর হয়ে প্রথম গোলটি করেন জশ সার্জেন্ট। এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেরিক ইটিয়েন জুনিয়র। পরপর দুই গোলে চাপে পড়ে যায় মায়ামি।
ম্যাচের শেষ দিকে দলকে ঘুরে দাঁড়ানোর আশা দেখান মেসি। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে রদ্রিগো দে পলের বাড়ানো নিখুঁত বল প্রথম স্পর্শেই জালে পাঠান আর্জেন্টাইন তারকা। এতে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি মায়ামি।
এই হারের ফলে প্রায় এক মাস ধরে জয়হীন থাকল মেসির দল। এর আগে লিগস কাপের প্রথম রাউন্ড থেকেই টানা দুই হারে বিদায় নিতে হয়েছিল তাদের। গত সপ্তাহে ন্যাশভিলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারের পর ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল মায়ামি।
টরন্টোর কাছে হারের পর পয়েন্ট টেবিলেও চাপ বেড়েছে মায়ামির। ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের শীর্ষে থাকা ন্যাশভিল এখন মেসিদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে। বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা অবশ্য এখনো দ্বিতীয় অবস্থানে রয়েছে।
প্লে-অফের প্রথম পর্বে ঘরের মাঠে খেলার সুবিধা নিশ্চিত করাই এখন মায়ামির অন্যতম বড় চ্যালেঞ্জ। মেসি গোল করেও দলকে জয়ের পথে ফেরাতে না পারায় সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো।
জ/উ