নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-20T19:36:55+06:00
2026-08-22T15:38:05+06:00
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি পরিবেশকর্মীদের
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৩:৩৮ পিএম
কৃষি ও কৃষককে সুরক্ষায় ঝুঁকিপূর্ণ ও বিষাক্ত কীটনাশকের ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। একই সঙ্গে কৃষিপ্রতিবেশবিদ্যার চর্চা বাড়িয়ে জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

নেত্রকোনার মদনে ‘কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা’ শীর্ষক কর্মশালায় এ দাবি জানানো হয়। মদন গ্রিন কোয়ালিশন কমিটির উদ্যোগে উপজেলার স্কুল অব এক্সিলেন্স একাডেমিতে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা শেষে ঝুঁকিপূর্ণ ও বিষাক্ত কীটনাশক নিষিদ্ধের দাবিতে সচেতনতামূলক ‘প্রকৃতিবন্ধন’ কর্মসূচি পালন করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালার শুরুতে গ্রিন কোয়ালিশন কমিটির সভাপতি ইমাম হোসেন মেহেদী শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এতে গ্রিন কোয়ালিশন কমিটির সদস্য, স্থানীয় সাংবাদিক, যুব প্রতিনিধি ও কৃষকেরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, কৃষকেরা দীর্ঘদিন ধরে জৈব কৃষি ও স্থানীয় জ্ঞান কাজে লাগিয়ে বৈচিত্র্যময় ফসল উৎপাদন করে আসছেন। এর মাধ্যমে মাটি, পানি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। কিন্তু জমিতে অতিরিক্ত ও ঝুঁকিপূর্ণ কীটনাশকের ব্যবহার মাটি, পানি ও বায়ুদূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি করছে। একই সঙ্গে নিষিদ্ধ উপকরণ ও ক্ষতিকর জাল ব্যবহারের কারণে জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।

কর্মশালায় রাসায়নিক কৃষির ক্ষতিকর প্রভাব, হাওরাঞ্চলের কৃষি ও প্রাকৃতিক দুর্যোগ, নিরাপদ ও জৈব কৃষি, পারিবারিক কৃষি, কৃষির সাংস্কৃতিক গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

গ্রিন কোয়ালিশন কমিটির সহসভাপতি নুরে আলম সিদ্দিকী বলেন, “কৃষকের কৃষি আজ কৃষকের নিয়ন্ত্রণে নেই। কৃষি উপকরণ, বীজ ও সার—সবই এখন করপোরেট কোম্পানিগুলোর দখলে। বাইরের প্রযুক্তি ও বিষাক্ত কীটনাশক ব্যবহার করে আমরা মাটি, পানি ও বাতাস দূষিত করে ফেলছি। নিরাপদ ও টেকসই কৃষির জন্য আমাদের দীর্ঘ সংগ্রাম চালাতে হবে এবং অবিলম্বে সব ধরনের ঝুঁকিপূর্ণ কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ করতে হবে।”

আলোচনা শেষে হাতে লেখা পোস্টার ও ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা ‘প্রকৃতিবন্ধন’ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁরা পরিবেশবান্ধব ও প্রাকৃতিক কৃষির প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]