ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফেনীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ফেনী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্য পক্ষের সমাপনী উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কুইজ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মৎস্য সম্পদের গুরুত্ব, মাছ চাষ, সংরক্ষণ ও মৎস্যসম্পদ রক্ষায় তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য চাষি, মৎস্যজীবী ও বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী সভায় বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য উৎপাদনে ফেনীকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও পরিবেশবান্ধব মাছ চাষ পদ্ধতির প্রসার ঘটাতে হবে।
বক্তারা আরও বলেন, জাটকা নিধন রোধ, মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি দপ্তরের পাশাপাশি মৎস্য চাষি, জেলে ও সাধারণ মানুষকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
সভায় দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে মৎস্য বিভাগের চলমান কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে সমাপনী ঘোষণার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।