টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব এবার অভিনেতার পরিচয় ছাপিয়ে পরিচালক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘দেশু ৭’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এই নতুন যাত্রার একেবারে কাছ থেকে সাক্ষী হয়েছেন তার দীর্ঘদিনের সহ-অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুটিং শেষ হওয়ার পর দেবকে উদ্দেশ্য করে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন তিনি।
চিঠিতে শুভশ্রী জানিয়েছেন, দেবের সঙ্গে তার পথচলা শুরু হয়েছিল প্রায় একই সময়ে। তবে ‘দেশু ৭’-এর দেবকে তার কাছে একেবারেই নতুন মনে হয়েছে। কারণ এবার শুধু সহ-অভিনেতা হিসেবে নয়, একজন পরিচালক হিসেবে দেবকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি।
শুভশ্রীর কথায়, অভিনেতা দেবকে তিনি বহুদিন ধরে চেনেন। কিন্তু পরিচালকের আসনে বসে নিজের ভাবনা, লক্ষ্য ও গল্প বলার ধরনকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে দেবের আত্মবিশ্বাস তাকে প্রথমে বিস্মিত করেছে। এমনকি শুরুতে কিছুটা ঈর্ষাও হয়েছিল বলে অকপটে জানিয়েছেন অভিনেত্রী।
পরিচালক দেবকে দেখে শুভশ্রী লিখেছেন, এতদিন যাকে অভিনেতা হিসেবে চিনতাম, সেই মানুষটি এতটা গুছিয়ে নিজের ভাবনা, লক্ষ্য এবং গল্প বলার ধরন নিয়ে ছবি নির্মাণ করছে বিষয়টি সত্যিই বিস্ময়ের।
তবে শুটিং যত এগিয়েছে, সেই ঈর্ষা ধীরে ধীরে বদলে গেছে অনুপ্রেরণায়। পরিচালকের ভূমিকায় দেবকে কাজ করতে দেখে তার প্রতি আরও শ্রদ্ধা তৈরি হয়েছে বলেও জানিয়েছেন শুভশ্রী।
তিনি আরও লিখেছেন, অভিনেতার পাশাপাশি পরিচালকের সত্তাতেও যে দেব নিজেকে প্রমাণ করার ক্ষমতা রাখেন, তা এই ছবির শুটিংয়ে উপলব্ধি করেছি।
‘দেশু ৭’-এর শুটিং শেষ হওয়ার বিশেষ মুহূর্তে দেবকে শুভেচ্ছা জানিয়ে শুভশ্রী লিখেছেন, এই যাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস, ছবি মুক্তির পর বাংলা চলচ্চিত্র জগৎ একজন নতুন প্রজন্মের পরিচালককে পেতে চলেছে, যিনি গল্প বলার পাশাপাশি সাধারণ দর্শককে বিনোদন দেওয়ার ক্ষমতাও রাখেন।
দেবের পরিচালনা-জীবনের ভবিষ্যৎ সাফল্য কামনা করে শুভশ্রী আরও লেখেন, আমি দেবকে নিয়ে গর্বিত। পরিচালকের ভূমিকায় তার ভবিষ্যৎ যাত্রা আরও সাফল্যময় হোক, এই কামনাই করি।
সিনেমাটি মুক্তির আগেই শুভশ্রীর এই খোলা চিঠি ‘দেশু ৭’ নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে দেব-শুভশ্রী জুটির ভক্তদের কাছে বিষয়টি পেয়েছে বাড়তি গুরুত্ব।
উল্লেখ্য, টালিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল রোমান্টিক জুটি দেব ও শুভশ্রী। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় এই জুটির যাত্রা শুরু হয়। পর্দায় তাদের দারুণ রসায়ন ও অভিনয় অল্প সময়েই দর্শকদের মুগ্ধ করে।
তবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও বিচ্ছেদের কারণে দীর্ঘ সময় একসঙ্গে কাজ করেননি তারা। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বর্তমানে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। সেই জনপ্রিয় জুটির নতুন সিনেমা ‘দেশু ৭’-এ দেবের পাশাপাশি পরিচালকের নতুন পরিচয়ও তাই বাড়তি আগ্রহ তৈরি করেছে।
জ/শা