চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে রেকর্ড হয়েছে। গত ১১ আগস্ট শুরু হওয়া আবেদন প্রক্রিয়া সোমবার (১৭ আগস্ট) শেষ হচ্ছে। এরই মধ্যে ফলাফলে অসন্তুষ্ট তিন লাখেরও বেশি শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত তিন লাখের বেশি শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবে।
জানা গেছে, ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের সুযোগ ছিল না। তবে বর্তমান সরকার আইনটি সংশোধন করায় এবার শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নেরও সুযোগ পাচ্ছে।
যেভাবে আবেদন করতে হবে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য [rescrutiny.eduboardresults.gov.bd](https://rescrutiny.eduboardresults.gov.bd) ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
এরপর বিষয়ভিত্তিক ফলাফল থেকে এক বা একাধিক বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারিত রয়েছে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি দেওয়ার পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দিতে হবে না।
ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন করতে চাইলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে যেসব বিষয়ের ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার ফি পরিশোধের পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। পাশাপাশি ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
জ/উ