নেত্রকোনায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে আটক করেছে র্যাব-১৪। পরে নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের।
তিনি বলেন, র্যাব-১৪ রিপন মিয়াকে আটকের পর নেত্রকোনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ তাকে নিয়ে নেত্রকোনার উদ্দেশে রওনা হয়েছে।
এর আগে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রিপন মিয়াকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতপরিচয়ের আরো আটজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ আগস্ট সন্ধ্যায় বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর বাবার দাবি, ঘটনার সময় তিনি স্থানীয় বাজারে ছিলেন এবং শিশুটির মা বাড়ির বাইরে কাজে ছিলেন। এ সুযোগে রিপন মিয়া কিশোরীকে জোর করে জঙ্গলে নিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
অভিযোগে আরো বলা হয়, কনটেন্ট তৈরির মাধ্যমে জনপ্রিয় করে দেওয়ার প্রলোভন দেখিয়ে রিপন মিয়া দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। লোকলজ্জার ভয়ে পরিবারটি প্রথমে বিষয়টি প্রকাশ করেনি।
জ/শা