বিরলে বিবাহ বিচ্ছেদ হওয়া সাবেক স্বামী কর্তৃক দুই সন্তানের জননীকে পেট্রোলের আগুনে ঝলসিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিরল থানা পুলিশ রাতেই ঘাতক স্বামীকে আটক করতে সক্ষম হয়েছে। লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য রয়েছে।
বিরল উপজেলার ০৭ নং বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের কন্যা সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) এর সাথে রংপুর কোতয়ালী থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা ও বিরল উপজেলার একই ইউনিয়নের দোগাছী (বুধারপাড়া) গ্রামের অস্থায়ী বাসিন্দা মৃত সফি উদ্দীনের ছেলে মাহবুবুর রহমান (৫১) এর প্রায় ২ মাস পূর্বে বিবাহ বিচ্ছেদ হলে ০১ আগস্ট ২০২৬ রাত ১১ টায় জোড়পূর্বক সাবেক স্ত্রীর পিতার বাড়ীতে প্রবেশ করে শরীরে পেট্রোল ঢেলে তাৎক্ষণিক লাইটার দিয়ে আগুনে ঝলসিয়ে দেয়া হয়।
এ সময় আহতর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ঘাতক স্বামী দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশিরা গুরুতর আহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে পথিমধ্যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পূণরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপালে সুমাইয়া আক্তার শ্যামলীকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ০৪ টায় তাকে মৃত ঘোষণা করে।
মামলা রুজু, ময়না তদন্ত ও আটককৃতকে আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে।