রাজধানী ঢাকার যানজট কমানো, পরিবেশ সংরক্ষণ এবং বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে ঢাকার চারপাশের নৌপথগুলো দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় নদীর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাব্যতা রক্ষা এবং নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
সভায় ঢাকার চারপাশের নৌপথে যাত্রী পরিবহনে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রাজধানীর বিকল্প নৌ-যোগাযোগ ব্যবস্থা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
পরিবেশ সুরক্ষা ও নগরীর সৌন্দর্যবর্ধনের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। নদীর তীরবর্তী ওয়াকওয়ের (হাঁটার পথ) পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দিয়ে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীতীরকে আরও সবুজ ও দৃষ্টিনন্দন করে তোলার ওপর জোর দেন।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
জ/শা