রাজধানী ঢাকায় গত সাড়ে ছয় বছরে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত এবং ২ হাজার ৪৮৮ জন আহত হয়েছেন। নিহতদের প্রায় ৮২ শতাংশই পথচারী ও মোটরসাইকেল আরোহী বলে জানিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে সদ্য সমাপ্ত জুলাই পর্যন্ত নিহতদের মধ্যে ৫৯২ জন (৪২ দশমিক ৭৭ শতাংশ) পথচারী, ৫৩৬ জন (৩৮ দশমিক ৭২ শতাংশ) মোটরসাইকেল আরোহী এবং ২৫৬ জন (১৮ দশমিক ৪৯ শতাংশ) বাস, রিকশা, সিএনজিসহ অন্যান্য যানবাহনের চালক ও যাত্রী।
পরিসংখ্যানে দেখা গেছে, দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রাতে। এ সময়ে নিহত হয়েছেন ৫১৯ জন (৩৭ দশমিক ৫ শতাংশ)। এছাড়া সকালে ২৫৮ জন, দুপুরে ১৯৫ জন, বিকেলে ১৭৪ জন, ভোরে ১৪২ জন এবং সন্ধ্যায় ৯৬ জন নিহত হয়েছেন। যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর এলাকাকে দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
রোড সেফটি ফাউন্ডেশনের মতে, রাত ও ভোরে ফাঁকা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি, চালকদের অসহিষ্ণু আচরণ এবং পথচারীদের নিরাপদ পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সিগন্যাল ছাড়ার পর, ফাঁকা সড়কে অতিরিক্ত গতি এবং বাসের যাত্রী তুলতে প্রতিযোগিতামূলক চলাচল সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এসব বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে দুর্ঘটনা ও প্রাণহানি কমানো সম্ভব বলে তিনি মত দেন।