জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরতে সাভারে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘জুলাইয়ের লেন্স’।
গতকাল শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সাভারের ব্যাংক কলোনিতে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাসভবনের অডিটোরিয়ামে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী এক সপ্তাহ সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দিন বাবু বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, সংগ্রাম ও ইতিহাস তুলে ধরতে আলোকচিত্র গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।
প্রদর্শনীতে আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, নির্যাতনের চিত্র, জনসম্পৃক্ততা এবং বিশেষ করে সাভারের শহীদদের স্মরণে সংরক্ষিত আলোকচিত্র স্থান পেয়েছে। দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আন্দোলনের ইতিহাস সম্পর্কে ধারণা নেন।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. কামরুল হাসান, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ‘জুলাইয়ের লেন্স’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০ আলোকচিত্রীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
জ/উ