নিউজ ডেস্ক

শিক্ষা

2026-07-27T19:21:25+06:00
2026-07-27T19:21:25+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিক্ষা
স্কুল ফিডিংয়ের খাবারে অনিয়ম বরদাশত নয় : ববি হাজ্জাজ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:২১ পিএম 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির খাবারের মান নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ সোমবার (২৭ জুলাই) সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্পের ওরিয়েন্টেশন ও শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কাছে কোনোভাবেই নিম্নমানের বা খারাপ খাবার পৌঁছাতে দেওয়া হবে না। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে। কোথাও অনিয়ম বা অবহেলার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করারও আহ্বান জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষায় অনেক ইতিবাচক কাজ হলেও সেগুলোর যথাযথ প্রচার হয় না। বরং নেতিবাচক বিষয়গুলো বেশি আলোচিত হয়। এ পরিস্থিতি বদলাতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং স্থানীয় জনগণকে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।


তিনি জানান, প্রতিটি বিদ্যালয়ে ‘বন্ধু রেজিস্টার’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদ্যালয়ের মানোন্নয়নে পরামর্শ ও সহযোগিতা করবেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা উন্নয়নে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে শিক্ষকদের দায়িত্ববোধ ও পেশাগত অঙ্গীকার আরও জোরদার করার আহ্বান জানান তিনি।


হাওর অঞ্চলের শিক্ষা ব্যবস্থা নিয়েও সরকারের বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, সুনামগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পটি পাইলট ভিত্তিতে বাস্তবায়ন হচ্ছে এবং জেলার প্রায় অর্ধেক বিদ্যালয় এর আওতায় এসেছে। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের উপস্থিতি কীভাবে আরও বাড়ানো যায় এবং অবকাঠামোগত উন্নয়ন কীভাবে জোরদার করা যায়, সে বিষয়েও কাজ চলছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

জ/উ






Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]